ব্রাহ্মণপাড়ায় ভূমিসেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রেস কনফারেন্স

লেখক: মোঃ সোহেল ইসলাম
প্রকাশ: ২ years ago

Spread the love

“স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের ন্যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভূমি সেবা সপ্তাহের উদযাপন উপলক্ষে প্রেস কনফারেন্স ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ জুন) বিকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে প্রেস কনফারেন্স আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স.ম. আজহারুল ইসলাম। প্রেস কনফারেন্সে ভূমিসেবা সপ্তাহ উদযাপন বিষয়ক বিভিন্ন তথ্য সাংবাদিকদের নিকট উপস্থাপন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা। তিনি তার বক্তব্যে বলেন, ভূমি সেবাকে ডিজিটাল করার মাধ্যমে স্মার্ট সেবায় রূপান্তর করা হয়েছে। প্রতিটি নাগরিক ঘরে বসেই ভূমি সংক্রান্ত যেকোনো কাজ করতে পারবে। তিনি আরও বলেন, উপজেলা ভূমি অফিস ও উপজেলার ৮টি ইউনিয়ন ভূমি অফিসে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব ভূমিসেবা ও তথ্য বুথ স্থাপন করে সাধারণ নাগরিককে ভূমিসেবা দেয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে জমে থাকা ভূমি সংক্রান্ত সমস্যার সমাধান দেয়া হচ্ছে। প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কবির আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ শহীদুল করিম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হালিমা পারভীন, শশীদল ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ, শিদলাই ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবর, চান্দলা ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ, মালাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দ্লুাহ আল মামুন, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সৈয়দ আহাম্মদ লাভলু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল নয়ন সহ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন, ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা কান্তি দেবনাথ, পংকজ কুমার আচার্য, দিদারুল ইসলাম, কাজী মো. ইউসুফ, মোহাম্মদ মাহবুব আলম, মো. আবদুল আওয়াল প্রমুখ।

  • ব্রাহ্মণপাড়া