কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অত্যাবশ্যকী পণ্য নিয়ন্ত্রণ আইন এবং ভোক্তা অধিকার আইনে অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার ( ২০ মার্চ ) বিকেলে উপজেলার সদর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) স ম আজহারুল ইসলাম। এ সময় স্যানিটারি ইন্সপেক্টর পারভীন সুলতানা ও থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, অত্যাবশ্যকী পণ্য নিয়ন্ত্রণ ও রমজানে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় হচ্ছে কিনা সে বিষয়ে উপজেলা সদর বাজারে নজরদারি করে উপজেলা প্রশাসন। এ সময় অতিরিক্ত মূল্যে সয়াবিন তেল বিক্রয়ের দায়ে এক অসাধু ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও একই বাজারে বিভিন্ন অনিয়মের দায়ে বিভিন্ন অঙ্কে আরও কয়েকজন ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) স ম আজহারুল ইসলাম বলেন, অত্যাবশ্যকী পণ্য নিয়ন্ত্রণ আইন এবং ভোক্তা অধিকার আইনে উপজেলার সদর বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।