কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান যোগদান করেছেন। গত মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে বিদায়ী ইউএনও মো. ছামিউল ইসলামের কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন।
এর আগে তিনি ব্রাহ্মণপাড়ার ইউএনও হিসেবে গত সোমবার (২০ জানুয়ারি) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। বুধবার (২২ জানুয়ারি) সকাল থেকে ইউএনও মাহমুদা জাহান নতুন কর্মস্থলে তাঁর দাপ্তরিক কার্যক্রম পরিচালনা শুরু করেছেন।
৩৬ তম বিসিএস কর্মকর্তা মাহমুদা জাহান সর্বশেষ সিনিয়র সহকারী কমিশনার হিসেবে নরসিংদী জেলা প্রশাসনে দায়িত্ব পালন করেছেন। তাঁকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়নের লক্ষে গত ১ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে সংযুক্ত করা হয়। সেখান থেকে তাঁকে ব্রাহ্মণপাড়া উপজেলায় ইউএনও’র দায়িত্ব দেওয়া হয়।
এছাড়া ব্রাহ্মণপাড়ার ইউএনও ছামিউল ইসলামকে একই পদে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বদলি করা হয়। জানা গেছে, মাহমুদা জাহান চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার দক্ষিণ গাজীপুর গ্রামের মো. হারুন অর রশিদের মেয়ে। তিনি ৩৬ তম বিসিএস প্রশাসন ক্যাডারে মেধা তালিকায় উত্তীর্ণ হন। প্রথমে তিনি সহকারী কমিশনার হিসেবে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। সেখান থেকে বদলি হয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনে।
পরবর্তীতে তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ১ বছর ২ মাস সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। সেখান থেকে মাহমুদা জাহান নরসিংদী জেলা প্রশাসনে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। সেখান থেকে ইউএনও হিসেবে পদায়নের লক্ষে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে সংযুক্ত করা হলে তাঁকে ব্রাহ্মণপাড়া উপজেলায় ইউএনও’র দায়িত্ব দেওয়া হয়।
নতুন কর্মস্থলে যোগদান প্রসঙ্গে মাহমুদা জাহান বলেন, সবাই একসঙ্গে কাজ করব। এ জন্য সবার সহযোগিতা চাই। এসময় তিনি ব্রাহ্মণপাড়া উপজেলাবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।