ব্রাহ্মণপাড়ায় ড্রেজারে অবৈধভাবে মাটি উত্তোলন, হুমকিতে কৃষিজমি

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়াতে থামছে না অবৈধ ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন। প্রভাবশালীরা উপজেলার বিভিন্ন এলাকায় কৃষি জমি ও পুকুর-নালা থেকে প্রতিনিয়ত মাটি উত্তোলন করছে। ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন অবৈধ হলেও নির্ভয়ে বিরতিহীনভাবে ব্যবসায়ীরা চালিয়ে যাচ্ছে তাদের কর্মযজ্ঞ। সরজমিনে দেখা যায়, উপজেলার সাহেবাবাদ উত্তর মধ্যপাড়া এলাকার শাহ আলমের জমি কেটে খননকৃত পুকুর থেকে প্রায় দেড় বছর যাবৎ দিনরাত চলছে ২টি ড্রেজার। এর ফলে পুকুরের দুপাশে মাটি ধসে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। এভাবে মাটি উত্তোলন চলতে থাকলে ঘর বাড়ি কৃষি জমি চরম ভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করছে স্থানীয় বাসিন্দরা। জানা গেছে, উপজেলার সাহেবাবাদ উত্তর মধ্যপাড়া এলাকার শাহ আলমের ও তার সহযোগী ড্রেজার চক্র প্রভাবশালী, তাই এলাকাবাসী কিছু করতে পারছে না। এনিয়ে প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন অনেকেই। তাই ভয়ে কেউ মুখ খোলছে না। ক্ষতিগ্রস্ত ওই এলাকার বাসিন্দা খোরশেদ আলম বলেন, দীর্ঘ প্রায় দেড় বছর যাবৎ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে শাহআলম। ড্রেজার ও জমির মালিকরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ কিছু বলে না। তাদের কারণে আমিসহ অনেকের ক্ষতি হচ্ছে। অনেকবার অভিযোগ দিয়েছি। তবে প্রশাসন অবৈধ মাটির ব্যবসায়ীদের বিরুদ্ধে পদক্ষেপ নিলেও কিছুদিন পরে তারা আবার শুরু করেছে। এব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন ক্ষতিগ্রস্থ এলাকার বাসিন্দারা।

  • ব্রাহ্মণপাড়া