কৃষি খাতে উন্নয়ন ও টেকসই চাষাবাদে কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অনুষ্ঠিত হলো দিনব্যাপী “কৃষক (উত্তম কৃষি চর্চা) সার্টিফিকেশন” বিষয়ক প্রশিক্ষণ। ২০২৪-২৫ অর্থবছরের “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” কর্মসূচির আওতায় বৃহস্পতিবার (১৭ এপ্রিল) উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উদ্যোগে উপজেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৫ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের পরিবেশবান্ধব এবং লাভজনক কৃষি পদ্ধতির পাশাপাশি নিরাপদ খাদ্য উৎপাদনে উত্তম কৃষি চর্চার গুরুত্ব সম্পর্কে ধারণা দেওয়া হয়। প্রশিক্ষণ প্রদান করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আজিজুর রহমান, কুমিল্লা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) কৃষিবিদ শেখ আজিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাসুদ রানা এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মুখলেছুর রহমান। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা জানান, তারা এই প্রশিক্ষণ থেকে বাস্তবভিত্তিক জ্ঞান লাভ করেছেন যা মাঠ পর্যায়ে কাজে লাগিয়ে উৎপাদন বৃদ্ধি এবং নিরাপদ কৃষিপণ্য উৎপাদনে সক্ষম হবেন। তারা আরও বলেন, এ ধরনের প্রশিক্ষণ নিয়মিত হলে কৃষকেরা আধুনিক কৃষি ব্যবস্থাপনায় আরও দক্ষ হয়ে উঠবেন।