ব্রাহ্মণপাড়ায় এক তরুণকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১শ টাকা জরিমানা

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১১ মাস আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় হুইস্কি পাচারের সময় মো. সজীব (১৯) নামের এক তরুণকে আটক করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২১ জুলাই) রাতে উপজেলার টি অ্যান্ড টি সড়কের মাথায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। অভিযানে তাঁর কাছ থেকে চার বোতল ভারতীয় ‘ম্যাকডুয়েল নাম্বার ওয়ান’ হুইস্কি উদ্ধার করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান। আদালতে সজীব মাদক বহনের কথা স্বীকার করলে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাঁকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১শ টাকা জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্ত মো. সজীব ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের ধান্যদৌল গ্রামের মো. রমজান আলীর ছেলে।
অভিযানে সহযোগিতা করে ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শামসুদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল।
অভিযান শেষে ইউএনও মাহমুদা জাহান বলেন, মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। সমাজ থেকে মাদক দূর করতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। মাদকের সঙ্গে কোনো ধরনের আপস নেই।
তিনি বলেন, সীমান্তঘেঁষা এই উপজেলায় ভারতীয় মাদকদ্রব্য পাচার রোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সব সময়ই সক্রিয়। সম্প্রতি এ ধরনের একাধিক অভিযান পরিচালিত হয়েছে।

  • ব্রাহ্মণপাড়া