কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কৃষি জমি নষ্ট করে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন ও সড়কে যানযট সৃষ্টির অভিযোগে দুই ব্যক্তিকে ৫২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২২ মে) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে চান্দলা ইউনিয়নের দর্পনারায়ণপুর ও চান্দলা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা। অভিযানে সহযোগিতা করেন ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ও আনসার সদস্যরা।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে অবৈধভাবে মাটি কাটার প্রমাণ পান ভ্রাম্যমাণ আদালতের দল। এসময় অবৈধ ড্রেজার মেশিন, পাইপ ও অন্যান্য সরঞ্জাম বিনষ্ট করা হয়।
ড্রেজার মালিককে ঘটনাস্থল থেকে আটক করা হলে তিনি অপরাধ স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারহানা পৃথা তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য সতর্ক করেন।
অপরদিকে চান্দলা এলাকায় সড়কে যত্রতত্র যানবাহন থামিয়ে রেখে যানযট সৃষ্টি করার অভিযোগে এক ব্যক্তিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারহানা পৃথা বলেন, “কৃষি জমি রক্ষায় অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে এবং সড়কে জনসাধারণের নিরাপদ চলাচল ব্যাবস্থা নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”