ব্রাহ্মণপাড়ার সাহেবাবাদে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

লেখক: মোঃ আনোয়ারুল ইসলাম
প্রকাশ: ৬ ঘন্টা আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার সাহেবাবাদ ইউনিয়নে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের উদ্যোগে সাহেবাবাদ বাজার ও আশপাশের এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

দুপুর সাড়ে ১২টার দিকে সাহেবাবাদ ডিগ্রি কলেজ চত্বর থেকে র‍্যালিটি বের হয়। পরে এটি সাহেবাবাদ বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ বাজার এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম ও সাহেবাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদ উদ্দিন ডিলার।

সমাবেশে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংস করে। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি তরুণদের খেলাধুলা ও বিভিন্ন ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।

এ সময় ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, সাহেবাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. হুমায়ুন কবির, উপাধ্যক্ষ মো. মুমিনুল ইসলাম, সাহেবাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান খান, ইউপি সদস্য জাকির হোসেনসহ ব্রাহ্মণপাড়া থানা পুলিশের সদস্য, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

  • ব্রাহ্মণপাড়া