ব্রাহ্মণপাড়ায় ২০ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৩ ঘন্টা আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মনির (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২২ জুলাই) দিবাগত মধ্যরাতে উপজেলার শশীদল ইউনিয়নের আনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার মনির উপজেলার শশীদল ইউনিয়নের উত্তর তেতাভূমি, আনন্দপুর (গনি মিয়ার বাড়ি) এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মো. সুলতানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সৈকত মজুমদারের নেতৃত্বে পুলিশের একটি দল বুধবার দিবাগত মধ্যরাতে শশীদল ইউনিয়নের আনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে লোহারপুল থেকে আনন্দপুর পশ্চিমপাড়াগামী ইটের সড়কে অভিযান চালায়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও মনিরকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ব্রাহ্মণপাড়া থানার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার মনিরসহ অজ্ঞাতনামা পলাতক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

  • ব্রাহ্মণপাড়া