কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক মামলায় ১ জন, নিয়মিত মামলায় ১ জন, বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ২ জন এবং সামারি ট্রায়ালে ৫ জনসহ ৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণপাড়া থানার এসআই রূপম কুমার সরকার ও এএসআই মো. কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে উপজেলার ৪নং শশীদল ইউনিয়নের আশাবাড়ি এলাকা থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. খায়রুল মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
একই দিনে এসআই ডিএমএ মজিদ সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযানে পলাতক আসামি মো. আনোয়ার হোসেন বাদল (৪৩)কে গ্রেফতার করেন। তিনি উপজেলার শশীদল ইউনিয়নের দেউশ গ্রামের বাসিন্দা।
এদিকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ব্রাহ্মণপাড়া থানার এএসআই মো. কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে জিআর পরোয়ানাভুক্ত আসামি সায়েদ সরকারকে গ্রেফতার করেন। তিনি উপজেলার নাগাইশ গ্রামের মৃত হাসেম সরকারের ছেলে।
একই দিনে এএসআই লিংকন কুমার নাথ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে সিআর পরোয়ানাভুক্ত আসামি আসমা আক্তার (৪০)কে গ্রেফতার করেন। তিনি উপজেলার শিদলাই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা।
এছাড়া পৃথক অভিযানে সামারি ট্রায়ালে আরও ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।