ব্রাহ্মণপাড়ায় স্বামী-ছেলের ঝগড়া থামাতে গিয়ে নারীর মৃত্যু, স্বামী আটক

লেখক: মোঃ আনোয়ারুল ইসলাম
প্রকাশ: ৬০ minutes ago

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় স্বামী ও ছেলের ঝগড়া থামাতে গিয়ে স্বামীর ধাক্কায় পড়ে পারভীন আক্তার (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (৩ মে) সকালে উপজেলার মাধবপুর ইউনিয়নের মিরপুর গ্রামের সরকার বাড়িতে এ ঘটনা ঘটে। এঘটনায় নিহতের স্বামী নাসির উদ্দীনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে স্বামী নাসির উদ্দীন ও ছেলে ইয়াসিনের মধ্যে কাজে যাওয়া নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। এ সময় পারভীন আক্তার তাদের ঝগড়া থামাতে গেলে নাসির উদ্দীন তাকে ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

পরে পরিবারের সদস্যরা তাকে প্রথমে মাধবপুর বাজার এলাকার একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেওয়ার পরামর্শ দেন। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে আসেন।

ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন জানান, দুপুর দেড়টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয় এবং সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য সন্ধ্যায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, এ ঘটনায় নিহতের স্বামী নাসির উদ্দীনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • ব্রাহ্মণপাড়া