কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া নবু বেপারী বাড়ির সামনের রাস্তার সরকারি ইট নিয়ে বাড়ির দেয়াল নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, গত ১ বছর পূর্বে ব্রাহ্মণপাড়ার বড়ধুশিয়া নবু বেপারী বাড়ির (বাতাইন্না কবরস্থান) হতে বড় মসজিদ পর্যন্ত রাস্তা ইট দিয়ে সরকারিভাবে নির্মাণ করা হয়। কিন্তু একই বাড়ির কাইম উদ্দিনের ছেলে শাহজালাল, মৃত নবু বেপারীর ছেলে সাইফুল ইসলাম ভূইয়াসহ বাড়ির কয়েজন মিলে রাস্তার প্রায় ২ হাজার ইট নিয়ে রাস্তার পাশে দেয়াল নির্মাণ করেছে। এছাড়া রাস্তার উপরে ইট দিয়ে দেয়াল করে দখল করে রেখেছে। এতে করে চলাচলে এলাকাবাসীর সমস্যা সৃষ্টি হচ্ছে। সরকারি রাস্তার ইট দিয়ে দেয়াল নির্মাণ করায় এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এবিষয়ে অভিযুক্ত মৃতঃ নবু বেপারীর ছেলে সাইফুল ইসলাম ভূইয়া বলেন, রাস্তা নির্মাণ করার ইট দিয়ে দেয়াল নির্মাণ করি নি। রাস্তা নির্মাণ করার সময় রাস্তা শেষ করার পর থেকে আমাদের অর্থায়নে বাকী রাস্তাটুকু ইট দিয়ে নির্মাণ করি। এবিষয়ে ওয়ার্ড মেম্বার সাইফুল ইসলাম বলেন, রাস্তা থেকে ইট নিয়ে গিয়ে দেয়াল নির্মাণ করেছে শুনেছি। বিষয়টি আমি দেখবো। এবিষয়ে এলাকাবাসী প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।