কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে মাদক সেবনের দায়ে তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ (মোবাইল) কোর্টের মাধ্যমে তাদের প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সোমবার (১৫ জুন) থানা পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৫ জুন) ব্রাহ্মণপাড়া থানার এএসআই (নিঃ) লিংকন কুমার নাথ সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে মাদক সেবনের অপরাধে সিদলাই গ্রামের মুছলেমের ছেলে মোঃ সালাউদ্দিন (২৪) এবং একই গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (৪৩)-কে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের উভয়কে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
পৃথক আরেকটি অভিযানে চান্দলা গ্রামের মোঃ মতিন খানের ছেলে মোঃ রুবেল (২৬)-কে মাদক সেবনের অপরাধে গ্রেপ্তার করে মোবাইল কোর্টের মুখোমুখি করা হলে বিচারক তাকেও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানায়, সাজাপ্রাপ্ত তিন আসামিকে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের এমন বিশেষ অভিযান অব্যাহত থাকবে।