ব্রাহ্মণপাড়ায় মাদকাসক্ত দুই তরুণকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

লেখক: মোঃ আনোয়ারুল ইসলাম
প্রকাশ: ৫ দিন আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক সেবন করে মাতলামি এবং জনশান্তি বিনষ্টের অভিযোগে মো. মজিবুর রহমান (২৪) ও মো. ফয়সাল (২০) নামের দুই তরুণকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলার চান্দলা ইউনিয়নের দক্ষিণ চান্দলা ও দুলালপুর ইউনিয়নের বালিনা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্ত ফয়সাল দক্ষিণ চান্দলা গ্রামের মো. খাজু মিয়ার ছেলে এবং মজিবুর রহমান বালিনা গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মজিবুর রহমান ও ফয়সাল মাদক সেবন করে এলাকায় মাতলামি, পারিবারিক অশান্তি ও স্থানীয়দের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করে আসছিলেন বলে অভিযোগ পাওয়া যায়। এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে উপজেলার বালিনা ও দক্ষিণ চান্দলা গ্রামে পৃথক অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান। এ সময় ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।
অভিযানে আটক মজিবুর রহমান ও ফয়সাল ভ্রাম্যমাণ আদালতে তাদের মাদক সেবনের বিষয়টি স্বীকার করেন।
এ সময় ফয়সালকে পাঁচ মাসের এবং মজিবুর রহমানকে তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।

  • ব্রাহ্মণপাড়া