ব্রাহ্মণপাড়ায় ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় দুই বছর বয়সী শিশুর মৃত্যু

লেখক: মো. আনোয়ারুল ইসলাম
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় নুরজাহান (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার (৩ জুন) সকালে উপজেলার চান্দলা গজারিয়া এলাকায় উঁচা ব্রিজ–সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরজাহান উপজেলার চান্দলা রামচন্দ্রপুর (পূর্বপাড়া) এলাকার রুহুল আমিনের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে নুরজাহান তার মা জান্নাত আক্তার ও নানীর সঙ্গে গজারিয়া উঁচা ব্রিজের পাশে একটি মোবাইল রিচার্জের দোকানে যায়। এ সময় জান্নাত আক্তার শিশু নুরজাহানকে রাস্তার পাশে নানীর কাছে রেখে দোকানে যান।
একপর্যায়ে নানীর অজান্তে শিশু নুরজাহান দৌড়ে সড়কে উঠে পড়ে। তখন চান্দলা টানা ব্রিজ থেকে শিদলাই মুখী একটি ব্যাটারিচালিত ভ্যান এসে শিশুটিকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়।
পরে স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী ভ্যানচালককে আটক করে। তবে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

  • ব্রাহ্মণপাড়া