ব্রাহ্মণপাড়ায় বিষপানে তরুণীর আত্মহত্যা

লেখক: মোঃ আনোয়ারুল ইসলাম
প্রকাশ: ৬ মাস আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিষপান করে ফারহানা আক্তার (১৮) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন।
ঘটনাটি ঘটেছে রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ছোট ধুশিয়া গ্রামের আজিজ মেম্বার বাড়িতে। মৃত ফারহানা আক্তার ওই গ্রামের মৃত মজিবুর রহমান ও মোসা. রানুয়ারা বেগমের মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, বিকেল সাড়ে পাঁচটার দিকে পরিবারের অগোচরে ফারহানা আক্তার কীটনাশক জাতীয় বড়ি (বিষ) পান করেন। কিছুক্ষণ পর তিনি ছটফট করতে থাকলে পরিবারের লোকজন দ্রুত তাকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
পরে কুমিল্লায় নেওয়ার পথে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে টমছম ব্রিজ এলাকায় পৌঁছালে সিএনজির ভেতরেই ফারহানা আক্তার মারা যান। এরপর পরিবারের সদস্যরা তার মরদেহ বাড়িতে নিয়ে আসেন।
খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে প্রেরণ করে।
মৃত ফারহানার ভাই ফারহান আহম্মেদ ফাহিম জানান, আমার বোন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল। সে কারণেই হয়তো এমন ঘটনা ঘটিয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

  • ব্রাহ্মণপাড়া