কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রী সফিকুল ইসলাম নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার শশীদল ইউনিয়নের দেউস বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া সফিকুল ইসলাম উপজেলার শিদলাই ইউনিয়নের শিদলাই ৬নং ওয়ার্ড এলাকার ছমু ফকিরের বাড়ির মৃত দুদু মিয়ার ছেলে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রী ছিলেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আসিফ মোহাম্মদ তকি।
জানা যায়, সফিকুল ইসলাম উপজেলার শশীদল ইউনিয়নের দেউস বাজারে তার নিজ দোকানে ইলেকট্রিক ছোট করাত দিয়ে কাঠ কাটছিলেন। এ সময় তিনি বৈদ্যুতিক লিকেজ তারে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ ঘটনা টের পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আসিফ মোহাম্মদ তকি বলেন, হাসপাতালে আনার আগেই বিদ্যুৎস্পৃষ্ট সফিকুল ইসলামের মৃত্যু হয়েছে। আমরা তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করেছি।
ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়ার ঘটনাটি আমাদের কেউ জানায়নি। আমাদের অবহিত করলে এ বিষয়ে তদন্ত করা হবে।