কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে) বিকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নৃত্য, সংগীত ও আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে দর্শকদের মুগ্ধ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআরসি ইন্সট্রাক্টর মো. শহীদুল ইসলাম শেখ এবং সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান।
এসময় শিক্ষক নেতা আব্দুল হক ও আনোয়ার হোসেন পাশাসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভীন বলেন, প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সভাপতির বক্তব্যে ইউএনও মাহমুদা জাহান বলেন, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শিশুদের আত্মবিশ্বাস বৃদ্ধি ও বহুমুখী প্রতিভা বিকাশে সহায়ক। এ ধরনের আয়োজন নিয়মিত হলে শিক্ষার্থীরা আরও উৎসাহিত হবে।