কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাইঘর গ্রামে এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। গত বুধবার (২৮ মে) বিকালে ওই এলাকায় বিয়ের আয়োজন চলাকালে হস্তক্ষেপ করেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, নাইঘর এলাকায় শাহাবুদ্দিন মার্কেট সংলগ্ন একটি বাড়িতে বৃহস্পতিবার (২৯ মে) বিয়ে অনুষ্ঠানকে কেন্দ্র করে ঘরবাড়ি সাজানো হচ্ছিল রঙিন আলোকসজ্জায়, প্রস্তুত হচ্ছিল খাবারের আয়োজনের। দূরদূরান্ত থেকে আত্মীয়স্বজনও আসতে শুরু করেন। বুধবার (২৮ মে) বিকালে কেউ একজন প্রশাসনকে খবর দিলে ইউএনও মাহমুদা জাহান মেয়েটির জন্মসনদ যাচাই করে দেখেন, সে এখনো প্রাপ্তবয়স্ক হয়নি।
তখন বাল্যবিবাহ নিরোধ আইনের আওতায় ইউএনও তাৎক্ষণিকভাবে বিয়ে বন্ধ করে দেন। এসময় মেয়েটির বাবা-মা তাদের মেয়েকে ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে প্রশাসনের নিকট লিখিত মুচলেকা দেন।
ইউএনও মাহমুদা জাহান বলেন, “অপ্রাপ্ত বয়সে মেয়েদের বিয়ে দেওয়া আইনত দণ্ডনীয়। ভবিষ্যতে এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
জানা গেছে, মেয়েটি ব্রাহ্মণপাড়া উপজেলা সদর ইউনিয়নের দীর্ঘভূমি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। সে চলতি বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
বিয়ে বন্ধের সময় ইউএনওর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন। তিনিও অভিভাবকদের বোঝান বাল্যবিয়ের কুফল এবং আইনগত ঝুঁকি সম্পর্কে।