কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জমিতে ছিটানোর কীটনাশক (বিষ) পান করে মোসা. সালেহা আক্তার (৩৫) নামের এক মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২৫ মার্চ) বেলা বিকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা যায়। এর আগে বেলা আনুমানিক ১১টায় সে তার নিজ বাড়িতে কীটনাশক পান করেন।
মোসা. সালেহা আক্তার উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের সাহেবাবাদ পশ্চিমপাড়া আলী আশরাফ মাস্টারের বাড়ির প্রবাসী মো. রিপন আহমেদের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন।
পরিবারের সদস্যরা জানান, ঘটনার দিন হঠাৎ অসুস্থবোধ করে কয়েকবার বমি করেন সালেহা আক্তার। পরে জানা যায়, তিনি বসতবাড়ির পাশে ক্ষেতের কাজে ব্যবহৃত কীটনাশক পান করেছিলেন। গুরুতর অবস্থায় তাঁকে প্রথমে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
পরবর্তীতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে কুমিল্লা কোতোয়ালি থানা পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠান। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেন।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, এঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।