কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শিদলাই ইউনিয়নের বেড়াখলা এলাকা থেকে গত (৮ নভেম্বর) দুপুরে সামিয়া জাফবিন আরসি(৮) নামে দ্বিতীয় শ্রেণির এক শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে সেই মৃত্যুর কারণ ছিল অজানা। অবশেষে রহস্য উদঘাটনে শিশুটির আপন বড় বোনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। পুলিশ জানান, নিহত সামিয়া জাফরিন আরসি(৮)কে তার আপন বড় বোন গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেছে বলে সে আমাদের কাছে স্বীকারোক্তি দিয়েছে। এ ঘটনায় শিশুটির মা তামান্না আক্তার বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। শিশুটির আপন বড় বোন সাদিয়া আফরিন আলভী (১৬)কে গ্রেফতার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।
ব্রাহ্মণপাড়া থানার ওসি ( তদন্ত) টমাস বড়ুয়া বলেন, ৮ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শিশুটির মৃত্যুর কারণ জানতে তার আপন বোন সাদিয়া আফরিন আলভী (১৬)কে আমাদের হেফাজতে নিয়ে আসি। তাকে রাতভর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করেন। বিভিন্ন বিষয়ে রাগে ক্ষোভে সে নিজ হাতে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেছে। পরের দিন (৯ নভেম্বর) সকালে শিশুটির মা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। আসামি কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।