বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের রুবি জয়ন্তী উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৯ মাস আগে

Spread the love

বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের ৪০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে রুবি জয়ন্তীকে ঘিরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (৩১ অক্টোবর) বিকাল ৫টায় কলেজের সভাকক্ষে আয়োজিত এই মতবিনিময় সভায় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও উদযাপন কমিটির সদস্যরা অংশ নেন। সভাটি পরিচালনা করেন ৪০ বছর পূর্তি উদযাপন কমিটির সদস্য সচিব কামাল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ জনাব মো: দেলোয়ার হোসেন খান। এ সময় বক্তারা কলেজের প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত দীর্ঘ যাত্রার নানা স্মৃতি, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতামত ব্যক্ত করেন।
বক্তারা বলেন, ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত এই কলেজ চার দশকের শিক্ষাযাত্রায় অসংখ্য সফল শিক্ষার্থী গড়ে তুলেছে, যারা আজ দেশের বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। রুবি জয়ন্তী উদযাপনকে কেন্দ্র করে কলেজ প্রাঙ্গণকে প্রাণবন্ত ও উৎসবমুখর করে তোলার পরিকল্পনা নেওয়া হচ্ছে।
প্রাক্তন শিক্ষার্থীরা একত্রে মিলিত হয়ে স্মৃতিময় মুহূর্ত ভাগাভাগি করার পাশাপাশি কলেজের উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় উপস্থিত বক্তারা জানান, রুবি জয়ন্তী উদযাপনকে সফল ও স্মরণীয় করে তুলতে নানা কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে। অনুষ্ঠানটি হবে সৃজনশীল আয়োজন, প্রাক্তন ও বর্তমান প্রজন্মের মিলনমেলা, আর আনন্দঘন পরিবেশে ভরপুর এক উৎসব।
সবশেষে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, এরশাদ ডিগ্রি কলেজের ৪০ বছরের এই অর্জন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে এবং রুবি জয়ন্তী উদযাপন হবে একটি ঐতিহাসিক অধ্যায়।

  • বুড়িচং