“ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন” কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) নির্বাচনী এলাকায় মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি’র তিন ও জামায়াতের এক প্রার্থী

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৫ মাস আগে

Spread the love

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লা-৫ বুড়িচং ও ব্রাহ্মণপাড়া দুই উপজেলার গ্রাম এবং পাড়া-মহল্লায় সক্রিয় ভাবে গণসংযোগসহ সভা সমাবেশ করে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থীরা। কুমিল্লা জেলা সদরের নিকটবর্তী বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলা এবং সদ্য ঘোষিত বুড়িচং পৌরসভা নিয়ে কুমিল্লা-৫ আসন গঠিত। বুড়িচং উপজেলায় রয়েছে ৮টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা এবং ব্রাহ্মণপাড়ায় ৮টি ইউনিয়ন রয়েছে। বিগত ১৭ বছর আওয়ামীলীগ সরকারের দখলে ছিল এই আসনটি। স্বাধীনতার পরে শুধুমাত্র ২০০১ সালে এই আসনে বিএনপিকে জয় এনে দিতে সক্ষম হয়েছিলেন অধ্যাপক মোঃ ইউনুস। তার পরে এবং আগে এই আসনটিতে বিএনপি’র কোন প্রার্থী জয়লাভ করতে পারেনি। ফ্যাসিবাদী সরকারের বিদায়ের পর আওয়ামীলীগের প্রথম সারির নেতা কর্মীরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় নেতৃত্ব শুণ্য হয়ে যায় দলটি। এছাড়া আওয়ামীলীগের দীর্ঘদিনের সহযোগী বিরোধী দল জাতীয় পার্টি একধরনের পঙ্গুত্ব অবস্থায় রয়েছে। তাই এই আসনটি নিজেদের দখলে নেওয়ার জন্য বিএনপি ও জামায়াতের মধ্যে চূড়ান্ত লড়াই হচ্ছে। এই লড়াইয়ে বড় দুই দলের সাথে মাঠে রয়েছে ছোট ছোট আরো কয়েকটি দল। প্রতিদিনই দুই উপজেলার বিভিন্ন সামাজিক ধর্মীয় অনুষ্ঠাণে যোগদানের মাধ্যমে নিজেদেরকে প্রার্থী হিসেবে জনগণের নিকট উপস্থাপন করছেন এবং মিছিল, মিটিং, সভা- সমাবেশে ব্যস্ত সময় কাটাচ্ছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনয়ন প্রত্যাশি হিসেবে গণসংযোগ করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুমিল্লা দক্ষিণ জেলার সাবেক সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি জসিম উদ্দিন জসিম, বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সভাপতি এটিএম মিজানুর রহমান এবং প্রধান উপদেষ্টার আইনজীবী বিএনপি নেতা ব্যারিষ্টার আব্দুল্লাহ আল মামুন। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত একক প্রার্থী ডক্টর এডভোকেট মোহাম্মদ মোবারক হোসাইন দীর্ঘদিন যাবৎ এলাকায় কাজ করে যাচ্ছেন।

  • বুড়িচং- ব্রাহ্মণপাড়া