তাহেরীর গাড়ি ভাংচুরের ঘটনায় থানায় অভিযোগ

লেখক: আতাউর রহমান
প্রকাশ: ২ years ago

Spread the love

ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত্ব-তাহেরীর গাড়ি ভাংচুরের ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। শনিবার ( ২০ জানুয়ারি ) রাত বারোটার দিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানায় মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর উপস্থিতিতে এই অভিযোগ দায়ের করা হয়। তাহেরীর গাড়ির চালক সোহেল খাঁন বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫জনকে আসামি করে এই অভিযোগ দায়ের করেন।
এর আগে গত বৃহস্পতিবার ( ১৮ জানুয়ারি ) সন্ধ্যা-রাতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের গঙ্গানগর পূর্বপাড়া এলাকায় মাহফিল চলাকালে ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর ব্যক্তিগত গাড়ি ভাংচুর করে দুর্বৃত্তরা। গাড়ি ভাংচুরের ঘটনাটি তিনি নিজেই তার ফেসবুক পেজ থেকে লাইভে এসে নিশ্চিত করেছিলেন। থানায় দেওয়া অভিযোগে উল্লেখ করা হয়, ঘটনার দিন বৃহস্পতিবার ( ১৮ জানুয়ারি ) সন্ধ্যায় ব্রাহ্মণপাড়া উপজেলার ৪নং শশীদল ইউনিয়নের গঙ্গানগর পূর্বপাড়ায় সকল কবরবাসীদের স্মরণে ১০তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে প্রধান আকর্ষণ ছিলেন পীর মুফতি গিয়াস উদ্দিন আত্ব-তাহেরী।মুফতি তাহেরী মাহফিলস্থলে পৌঁছে মাহফিলের আয়োজকদের সঙ্গে নিয়ে খাওয়াদাওয়া শেষে মাহফিলের মঞ্চে উঠে যান।এই সুযোগে দুর্বৃত্তরা তাহেরীর গাড়ির হেডলাইটের গ্লাস ভেঙে বাল্বগুলো নিয়ে যায় ও গাড়ি ভাংচুর করে। এতে গাড়ির দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ সময় মুফতি গিয়াস উদ্দিন আত্ব-তাহেরী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমার আস্থা ও বিশ্বাস রয়েছে।থানাপুলিশ আমার গাড়ি ভাংচুরের ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন এই আশা করছি।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু তৈয়ব অপি, যুবলীগ নেতা নবীর হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক নেতা আজিম উদ্দিন চৌধুরী, রোকেয়া শাহ দরবারের পীরজাদা বিল্লাল হোসেন প্রমুখ। এ ব্যপারে ব্রাহ্মণপাড়া থানার ওসি এস এম আতিক উল্লাহ বলেন, তাহেরী হুজুরের গাড়ি ভাংচুরের একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • ব্রাহ্মণপাড়া