তরুণদের সঙ্গে নিয়েই উন্নত বুড়িচং–ব্রাহ্মণপাড়া গড়তে চাই .…….ব্যারিস্টার যোবায়ের

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ মাস আগে

Spread the love

বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে তরুণ প্রজন্মই সবচেয়ে বড় শক্তি—এ মন্তব্য করে বাংলাদেশ এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) সংসদীয় আসনের ঈগল প্রতীকের প্রার্থী ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া বলেছেন, নতুন প্রজন্মকে সম্পৃক্ত করেই তিনি একটি উন্নত ও সমৃদ্ধ বুড়িচং–ব্রাহ্মণপাড়া গড়ে তুলতে চান।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে বুড়িচং প্রেস ক্লাব মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া বলেন, তরুণ প্রজন্মই দেশকে এগিয়ে নিয়ে যাবে। তাদের কোনোভাবেই দাবিয়ে রাখা যাবে না। তিনি নির্বাচিত হলে বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার তরুণদের জন্য টেকসই কর্মসংস্থান সৃষ্টি করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন বলে জানান। এ জন্য শিল্প স্থাপন, কারিগরি প্রশিক্ষণ, উদ্যোক্তা তৈরি এবং বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলার পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।
তিনি আরও বলেন, এলাকার শিক্ষিত বেকার যুবকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে দেশ ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। পাশাপাশি নারীদের আত্মকর্মসংস্থান ও ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, সাংবাদিকরা জাতির দর্পণ। তাঁদের মাধ্যমেই জনগণ সঠিক তথ্য জানতে পারে। ঈগল প্রতীকের প্রার্থীর আদর্শ, কর্মসূচি ও বার্তা জনগণের কাছে তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন এবি পার্টি কুমিল্লা মহানগর আহ্বায়ক গোলাম মুহা. সামদানী। এ সময় উপস্থিত ছিলেন এবি পার্টির কুমিল্লা জেলা সদস্যসচিব আব্দুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক আবু সালেহ মোহাম্মদ মাসুদ, বুড়িচং উপজেলা আহ্বায়ক (অবসরপ্রাপ্ত) পুলিশ কর্মকর্তা মোসলেম উদ্দিন, উপজেলা সদস্যসচিব ইঞ্জিনিয়ার সাইফুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ ছাড়া বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা সভায় উপস্থিত থেকে বক্তব্য শোনেন এবং বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন।

  • ব্রাহ্মণপাড়া