কুমিল্লা জেলার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন হাট- বাজারের সিলিন্ডার গ্যাসের সংকট সৃষ্টি হয়েছে। এ সুযোগে চড়া দামে বিক্রি হচ্ছে সিলিন্ডার। কোথাও কোথাও চড়া দামেও মিলছে না গ্যাসের সিলিন্ডার। এতে চরম দূর্ভোগের কবলে সাধারণ মানুষ। যুগের সাথে এবং প্রযুক্তির সাথে পাল্লা দিয়ে শহরের সাথে সাথে গ্রামের মানুষও লাকড়ীর চুলায় রান্না-বান্নার কাজ পরিহার করে গ্যাসের চুলায় অভ্যস্থ হয়ে পড়েছে। যার ফলে সারা দেশেই একযোগে সিলিন্ডার গ্যাসের সংকট দেখা দিয়েছে। তবে এই সংকট কেবল একটি সিন্ডিকেটে কৃত্রিম ভাবে সৃষ্টি করার অভিযোগ রয়েছে। সিলিন্ডার গ্যাসের অতিরিক্ত মূল্য নিয়ন্ত্রণের জন্য বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে এবং জরিমানা আদায় করেছে। ব্রাহ্মণপাড়ায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি রোধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে এক প্রতিষ্ঠানকে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলার সাহেবাবাদ বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, বিইআরসি (বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন) নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে ১২ কেজির এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হওয়ায় সাহেবাবাদ বাজারের এক এলপিজি গ্যাস ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যের বাইরে গ্যাস সিলিন্ডার ক্রয়-বিক্রয় না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। পাশাপাশি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আশপাশের অন্য দোকানিদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তারেক রহমান। অভিযানে সহযোগিতায় ছিলেন আনসার সদস্যরা। নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান জানান, জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে। কুমিল্লার বুড়িচং উপজেলায় এলপি গ্যাসের কৃত্রিম সংকট দেখা দিয়েছে। এই সংকটকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে গ্যাসের সিলিন্ডার বিক্রি শুরু করে। ফলে সাধারণ গ্রাহকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এমন অভিযোগের ভিত্তিতে বুড়িচং বাজারের বিভিন্ন এলপি গ্যাসের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সম্প্রতি বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন এই অভিযান পরিচালনা করেন। অভিযানকালে দেখা যায়, বুড়িচং বাজারের একাধিক গ্যাসের দোকানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাসের সিলিন্ডার বিক্রি করা হচ্ছে। এ অপরাধে মেসার্স স্বাধীন এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা এবং মেসার্স মরিয়ম এন্টারপ্রাইজকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বুড়িচং থানার পুলিশ সদস্যরা, বুড়িচং বাজার কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম, এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা। অভিযান চলাকালে বাজারে গ্যাসের মূল্য তালিকা প্রদর্শন ও মজুত পরিস্থিতি যাচাই করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন বলেন, সাধারণ জনগণের স্বার্থ রক্ষা এবং কৃত্রিম সংকট ও অতিরিক্ত মূল্য আদায় রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।