কুমিল্লা-৫ আসনে নির্বাচনি প্রচারণা চালানোর সময় দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কোলাকুলি ও আলাপচারিতার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে দুই প্রার্থীর পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রশংসার ঝড় উঠেছে।
প্রার্থীরা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী জসিম উদ্দিন ও জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট ড. মোবারক হোসাইন।
রোববার ( ২৩ নভেম্বর ) দুপুরে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের মানরা এলাকায় নির্বাচনি প্রচারণাকালে দুই প্রার্থীর মধ্যে এ কোলাকুলি ও আলাপচারিতার ঘটনা ঘটে। পরে এর একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই তাদেরকে নিয়ে নেটিজেনদের মধ্যে প্রশংসার ঝড় ওঠে।
দুই দলের দুই প্রার্থীর মধ্যে এ ধরনের এমন সৌহার্দ্যপূর্ণ ভালোবাসা ও আলাপচারিতায় সাধারণ মানুষের মধ্যেও একধরনের ইতিবাচক প্রভাব পড়েছে। এই দুই প্রার্থীর প্রতি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসাও বৃদ্ধি পেয়েছে।
স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি বলেন, আজকে দুই দলের দুই নেতার মধ্যকার গঠনমূলক আলাপ আলোচনা যেভাবে ফেসবুকে ছড়িয়ে পড়েছে এতে কুমিল্লা-৫ আসনের মানুষের মধ্যে একধরনের ইতিবাচক আস্থার জন্ম হয়েছে। সাধারণ মানুষও চায় প্রতিযোগিতা হোক কিন্তু প্রতিহিংসা নয়।
ওই ভিডিওতে জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট ড. মোবারক হোসাইনকে বলতে শোনা যায়, জসিম ভাই আগেও আমাকে ছোট ভাই হিসেবে স্নেহ করতেন। আমরাও তাকে শ্রদ্ধা করি। তিনি আমাদের এলাকার বড় ভাই এবং অভিভাবক। আমরা চাই আগামী দিনে প্রতিহিংসার রাজনীতি না হয়ে প্রতিযোগিতায় এগিয়ে যাব। রাজনীতি হবে প্রতিযোগিতার, প্রতিহিংসার নয়।
ভিডিওতে বিএনপি প্রার্থী জসিম উদ্দিনকে বলতে শোনা যায়, বাংলাদেশের মধ্যে অন্য কোন জায়গায় এ ধরনের সংস্কৃতি থাক বা না-থাক আমাদের এখানে একটা সংস্কৃতি আছে। আর এটা নির্বাচন পর্যন্ত সুন্দরভাবে বজায় থাকবে। যার যার প্রচারণা শেষে চালাবে, আমাদের মধ্যে কোন প্রতিহিংসা থাকবে না। অন্য নির্বাচনী এলাকা থেকে আমাদের নির্বাচনে এলাকা ভিন্ন ও শান্তি প্রিয়।