কুমিল্লার চান্দিনায় হাঁস বিক্রি নিয়ে দুই পক্ষের ঝগড়া ও মারামারিতে আলী হোসেন (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু ঘটেছে। সোমবার (২৭ নভেম্বর) দুপুরে চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নের লক্ষীপুর নতুন বাজার এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ আলী হোসেন ওই ইউনিয়নের কৈলাইন গ্রামের বাসিন্দা। জানা যায়, গত শুক্রবার কৈলাইন গ্রামের বৃদ্ধ আলী হোসেন পাশ্ববর্তী নবাবপুর বাজারে দুইটি রাজ হাঁস বিক্রি করেন। এর একটি হাঁস একই গ্রামের আব্দুস সাত্তার নামের এক ব্যক্তি ২ হাজার টাকায় কিনেন। এসময় পাশ্ববর্তী বাড়ির সবুর নামের অপর এক ব্যক্তি কেনা-বেচায় মধ্যস্থতা করে ৫শ টাকা উপরি নেয়। ওই হাঁস বিক্রির উপরি ৫শ টাকা নিয়ে শনিবার বিকেলে আলী হোসেন এর ছেলে বোরহান এর সাথে মধ্যস্থতাকারী সবুরের বাক-বিতন্ডা হয়। পরবর্তীতে সোমবার দুপুরে আলী হোসেন এর ছেলে বোরহান জোয়াগ ইউনিয়নের লক্ষীপুর নতুন বাজারে যাওয়ার পর পূর্ব ঘটনার সূত্র ধরে ইদ্রিস মিয়া বোরহানের সাথে ঝগড়ায় লিপ্ত হয়। ঘটনা শুনে ঘটনাস্থলে দুই পক্ষের পরিবারের লোকজন উপস্থিত হওয়ার পর কিলঘুষিতে মারামারি শুরু হয়। এ পর্যায়ে প্রতিপক্ষের হামলায় মাটিতে লুটে পড়েন হাঁস বিক্রেতা বৃদ্ধ আলী হোসেন। পরে তাকে নবাবপুরের একটি প্রাইভেট হাসসপাতালে নেয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করেন। চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত জেনেছি। নিহতের শরীরের তেমন কোন আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে কিলঘুষিতে বৃদ্ধ মাটিতে লুটিয়ে পড়ায় মৃত্যু ঘটেছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য কুমেকে পাঠানো হয়। নিহতের পরিবারের লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।