কুমিল্লা জেলায় উপজেলা গুলোর মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে দাউদকান্দিতে। গত ২৪ ঘন্টায় দাউদকান্দি উপজেলায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ১৩ জন। এর মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে পাঁচজন। সরকারি হাসপাতালে এই উপজেলায় ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা সাত জনে দাঁড়িয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্র বলছে, জেলায় গত ২৪ ঘন্টায় ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে ৪২ জন। এরমধ্যে বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে ২৬ জন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সরকারিভাবে মোট রোগীর সংখ্যা দেখানো হয়েছে ৭৮ জন।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ভর্তি রয়েছে ৪৩ জন, সদর হাসপাতালে ৮ জন, চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, নাঙ্গলকোটে একজন সনাক্ত হলেও সরকারি হাসপাতালে ভর্তি হয়নি, মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে দুইজন, সদর দক্ষিনে একজন, দেবী তারে সনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি আছে একজন, মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে একজন, চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে তিনজন, দাউদকান্দিতে সনাক্ত ১৩ জনের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে সাত জন, লাকসাম উপজেলায় সনাক্ত পাঁচজনের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে তিনজন, বরুড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে দুইজন, তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে দুইজন।
এছাড়া অন্যান্য উপজেলা গুলোতে এখনো সরকারিভাবে ডেঙ্গু রোগী সনাক্ত হয়নি। তবে স্থানীয়ভাবে জানা যাচ্ছে -ডেঙ্গুর উপসর্গ নিয়ে অনেকেই ভুগছেন।
এদিকে কুমিল্লা সিটি কর্পোরেশনের অন্তত আটটি জায়গা থেকে ডেঙ্গু সনাক্ত রোগী কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বলে জানা গেছে। এখনো পর্যন্ত কুমিল্লা জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি।