আমরা দালাল নই, স্বাস্থ্যসেবার সহযোদ্ধা

লেখক: আতাউর রহমান
প্রকাশ: ৫ ঘন্টা আগে

Spread the love

‘আমরা দালাল নই, স্বাস্থ্যসেবার সহযোদ্ধা’ এই স্লোগানে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পেশাগত মর্যাদা, নিরাপদ কর্মপরিবেশ এবং চিকিৎসা প্রতিনিধিদের জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিভিন্ন ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা।

মঙ্গলবার ( ১২ মে ) বেলা ১১টায় ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচির আয়োজন করে ব্রাহ্মণপাড়া ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভস এসোসিয়েশন। এতে উপজেলায় কর্মরত অর্ধশতাধিক চিকিৎসা প্রতিনিধি অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সভাপতি মো. সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান, সাবেক সভাপতি মাহবুব রহমান, সহ-সভাপতি মো. ওয়াজ উদ্দিন, উপদেষ্টা নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. শাখাওয়াত হোসেনসহ অন্যরা।

বক্তারা বলেন, চিকিৎসা প্রতিনিধিরা দেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও অনেক সময় হাসপাতাল ও ক্লিনিকে দায়িত্ব পালন করতে গিয়ে নানা ধরনের প্রতিবন্ধকতা ও অসম্মানজনক পরিস্থিতির মুখোমুখি হতে হয়। তারা পেশাগত দায়িত্ব পালনে একটি সুশৃঙ্খল ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, আধুনিক চিকিৎসা পদ্ধতি ও নতুন ওষুধ সম্পর্কিত তথ্য চিকিৎসকদের কাছে পৌঁছে দিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা নিরোলসভাবে কাজ করছেন। তারা দালাল নয়, স্বাস্থ্যসেবার সহযোদ্ধা। অথচ এ পেশার জন্য এখনো কার্যকর নীতিমালা ও নিরাপত্তা ব্যবস্থা গড়ে ওঠেনি।

সংগঠনের নেতারা বলেন, চিকিৎসা প্রতিনিধিদের সামাজিক মর্যাদা নিশ্চিতের পাশাপাশি কর্মক্ষেত্রে হয়রানি বন্ধ করতে হবে। অন্যথায় ভবিষ্যতে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলেও তারা সতর্ক করেন।

  • ব্রাহ্মণপাড়া