শান্তিপূর্ণ পরিবেশে ব্রাহ্মণপাড়ায় এসএসসি পরীক্ষা শুরু, অনুপস্থিত ৫৭ জন

লেখক: মোঃ ইমাম হোসেন
প্রকাশ: ১৩ minutes ago

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ব্যাপক নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু হওয়া এই পরীক্ষায় উপজেলার বিভিন্ন কেন্দ্রে মোট ৫৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, প্রথম দিনে অনুষ্ঠিত এসএসসি বাংলা ১ম পত্র পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২০১৬ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১৯৯৬ জন এবং অনুপস্থিত ছিল ২০ জন।

অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় মোট ৮১২ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৭৭৭ জন। এখানে অনুপস্থিতির সংখ্যা সবচেয়ে বেশি—৩৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় মোট ১৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭৭ জন উপস্থিত ছিল। অনুপস্থিত ছিল ২০ জন। প্রাথমিকভাবে ২ জন অনুপস্থিতির কথা জানা গেলেও চূড়ান্ত তথ্যে তা ২০ জনে দাঁড়ায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট কেন্দ্র সচিবদের তদারকিতে প্রথম দিনের পরীক্ষা নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোতে কড়া পুলিশি পাহারা লক্ষ্য করা যায় এবং পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের আগে নিয়ম অনুযায়ী তল্লাশি করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রথম দিনের পরীক্ষা শেষ হয়েছে। অনুপস্থিত শিক্ষার্থীদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে কেন তারা পরীক্ষায় অংশগ্রহণ করেনি।

  • ব্রাহ্মণপাড়া