ব্রাহ্মণপাড়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের মেধাবৃত্তি পুরস্কার বিতরণ

লেখক: আতাউর রহমান
প্রকাশ: ১১ ঘন্টা আগে

Spread the love

মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এবং শিক্ষার প্রতি আগ্রহ আরও বাড়িয়ে তুলতে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শতাধিক শিক্ষার্থীর মাঝে মেধাবৃত্তি পুরস্কার বিতরণ করেছে ব্রাহ্মণপাড়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ( বিএসএ )। এ উপলক্ষে আলোচনা সভা, সম্মাননা প্রদান এবং শিক্ষার্থীদের নিয়ে এক মিলনমেলার আয়োজন করা হয়।

শনিবার ( ৩০ মে ) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে এ সম্মাননা প্রদান করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মাহমুদা জাহান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) তারেক রহমান, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সৈয়দ আহাম্মদ লাভলু, কুমিল্লা আইডিয়াল কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, সরকারি হাজী এ বি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. আক্তারুজ্জামান রনি এবং সংগঠনটির প্রতিষ্ঠাতা প্রধান শফিউল আলম।

সংগঠনটির সভাপতি বখতিয়ার হামীমের সভাপতিত্বে এবং তাবাসুম ইসলামের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন, সাবেক এসইএম মো. মাহমুদুল হক রিমন, সাবেক সিএম জামান সরকার ও মাহমুদুল ইসলাম নয়নসহ সংগঠনটির নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শতাধিক মেধাবী শিক্ষার্থীর হাতে নগদ অর্থ, সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের মধ্যে এক অন্যরকম অনুভূতির সৃষ্টি হয়। শিক্ষার্থীরা তাদের কৃতিত্বের সম্মাননা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের উচ্ছ্বাস এবং অভিভাবকদের সন্তুষ্টি পুরো মিলনায়তনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আয়োজকরা জানান, ব্রাহ্মণপাড়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশন গত পাঁচ বছর ধরে ধারাবাহিকভাবে মেধাবৃত্তি কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিবছর বাছাই প্রক্রিয়ার মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের নির্বাচন করে তাদের সম্মাননা ও শিক্ষা সহায়তা প্রদান করা হয়।

পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা বলেন, এই স্বীকৃতি আমাদের আরও ভালো ফলাফল করার অনুপ্রেরণা জোগাবে। মেধাবৃত্তি পাওয়ায় আমাদের আত্মবিশ্বাস আরও বেড়েছে। এমন উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা তৈরি করবে। ভবিষ্যতে দেশের জন্য কিছু করার স্বপ্ন নিয়ে আমরা পড়াশোনা করছি।

সংগঠনটির সভাপতি বখতিয়ার হামীম বলেন, উপজেলার মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের উৎসাহিত করাই আমাদের মূল লক্ষ্য। প্রকৃত শিক্ষার মাধ্যমে একটি আলোকিত প্রজন্ম গড়ে তুলতে আমরা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাহমুদা জাহান বলেন, মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে উৎসাহিত করে। ব্রাহ্মণপাড়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং সমাজের অন্যান্য সংগঠনের জন্যও অনুকরণীয়।

আলোচনা সভা শেষে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

  • ব্রাহ্মণপাড়া