ব্রাহ্মণপাড়ায় রাত ৮টার পর দোকানপাট বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান

লেখক: মোঃ ঈমাম হোসেন
প্রকাশ: ৩ minutes ago

Spread the love

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় রাত ৮টার পর দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান ও শপিং মল বন্ধ রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (১৭ আগস্ট) রাতে উপজেলা সদরের বিভিন্ন বাজার ও প্রধান বাণিজ্যিক এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন্নী ইসলাম।
অভিযানকালে রাত ৮টার পর খোলা থাকা বিভিন্ন দোকানপাট ও শপিং মল বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে ব্যবসায়ী ও ক্রেতাদের সরকারি নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়। নির্ধারিত সময়ের পর প্রতিষ্ঠান খোলা রাখলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন্নী ইসলাম জানান, “বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী রাত ৮টার পর জরুরি সেবা (যেমন—ফার্মেসি ও হাসপাতাল) ব্যতীত সব ধরনের দোকানপাট, শপিং মল ও কাঁচাবাজার বন্ধ রাখা বাধ্যতামূলক। এই নির্দেশ বাস্তবায়নে আমাদের এমন তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।”
অভিযানকালে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল এবং স্থানীয় বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রশাসনের এই তৎপরতায় বাজারজুড়ে সচেতনতা সৃষ্টি হয়েছে এবং ব্যবসায়ীরাও সরকারি নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ে দোকান বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন।

  • ব্রাহ্মণপাড়া