ব্রাহ্মণপাড়ায় পুলিশ ও বিজিবির অভিযানে ৫ জন গ্রেপ্তার

লেখক: মোঃ হাবিবুর রহমান সোহেল
প্রকাশ: ৫ minutes ago

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে নিয়মিত মামলার এক পলাতক আসামি, মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত তিনজন এবং ভারতীয় বাজিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ও বিজিবি। এ সময় ৪০০ পিস ভারতীয় বাজি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
গত সোমবার ও মঙ্গলবার (২৪ ও ২৫ আগস্ট) পৃথক এসব অভিযানে মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৫ আগস্ট) ব্রাহ্মণপাড়া থানার এসআই মোহাম্মদ জালাল উদ্দিন, এসআই মো. রফিকুল ইসলাম, এসআই সুজন কুমার আচার্য্যসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় ব্রাহ্মণপাড়া থানার মামলা নং-১৯(০৮)২৬ ও ২০(০৮)২৬-এর পলাতক আসামি মো. শাহাদাৎ হোসেন (৩১)কে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার সিদলাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আলম বাড়ির আমির হোসেনের ছেলে।
অন্যদিকে, সোমবার (২৪ আগস্ট) বিজিবির একটি দল ব্রাহ্মণপাড়া থানাধীন ৪ নম্বর শশীদল ইউনিয়নের উত্তর আশাবাড়ি এলাকার মেইন পিলার ২০৫৯/০১ এস থেকে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাফাত মিয়ার বাড়ির রাস্তার মোড়ে অভিযান চালায়। এ সময় ৪০০ পিস ভারতীয় বাজি ও একটি মোটরসাইকেলসহ মো. নীল মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি শশীদল উত্তরপাড়ার মৃত মো. উলফত আলীর ছেলে।
এ ছাড়া মঙ্গলবার (২৫ আগস্ট) ব্রাহ্মণপাড়া থানার এসআই সুজন কুমার আচার্য্য ও এএসআই লিংকন কুমার নাথের নেতৃত্বে পৃথক অভিযানে মাদক সেবনের অপরাধে মো. শাকিল (১৯), মো. ফরহাদ (১৯) ও মো. মোতালেব (৩৮)কে আটক করা হয়।
পরে সামারি ট্রায়ালের মাধ্যমে প্রত্যেককে ১০০ টাকা করে মোট ৩০০ টাকা জরিমানা করা হয়।
গ্রেপ্তার হওয়া শাহাদাৎ হোসেন ও নীল মিয়ার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, পৃথক অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজনকে মাদক সেবনের দায়ে ভ্রামান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। অন্যদের আদালতে পাঠানো হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

  • ব্রাহ্মণপাড়া