ব্রাহ্মণপাড়ায় কবরস্থান ও বাঁশঝাড় দখল নিয়ে উত্তেজনা, শান্তি রক্ষায় নির্দেশ আদালতের

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৫ ঘন্টা আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার জিরুইন এলাকায় পারিবারিক কবরস্থান ও সংলগ্ন জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আদালত সরেজমিন তদন্তের নির্দেশ দিয়েছেন।

জানা গেছে, জিরুইন গ্রামের বাসিন্দা মোসলেম উদ্দিন খান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত-১, কুমিল্লায় ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় একটি আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, বি.এস. ৩৭৫/১ নং খতিয়ানের আওতাধীন প্রায় ৯.৮০ শতক জমি তিনি ও তার পূর্বপুরুষরা দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। জমির একটি অংশ পারিবারিক কবরস্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এবং সংলগ্ন স্থানে একটি বড় বাঁশঝাড় রয়েছে।

অভিযোগে বলা হয়, প্রতিপক্ষের লোকজন সম্প্রতি ওই জমি জোরপূর্বক দখলের উদ্দেশ্যে সেখানে প্রবেশ করে বাঁশ কাটার চেষ্টা করে এবং বাধা দিলে হুমকি-ধমকি দেয়। এতে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয় এবং যে কোনো সময় সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়।

আদালত বিষয়টি আমলে নিয়ে সহকারী কমিশনার (ভূমি), ব্রাহ্মণপাড়া উপজেলা ভূমি অফিসকে স্কেচ ম্যাপসহ সরেজমিন তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। পাশাপাশি ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিরোধপূর্ণ জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে এবং দ্রুত বিরোধ নিষ্পত্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান বলেন, বিরোধীয় জমি বিষয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী সরেজমিন তদন্ত করা হবে। উভয় পক্ষের কাগজপত্র ও দখল পরিস্থিতি যাচাই করে নিরপেক্ষ প্রতিবেদন আদালতে দাখিল করা হবে।

  • ব্রাহ্মণপাড়া