মাদক ব্যবসায়ীদের ছাড় নয়, সুপারিশকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা -এমপি জসিম উদ্দিন

লেখক: মোঃ আনোয়ারুল ইসলাম
প্রকাশ: ৮ ঘন্টা আগে

Spread the love

মাদকের বিরুদ্ধে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতিতে কাজ করছে উল্লেখ করে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম বলেছেন, তাঁর নির্বাচনী এলাকায় কোনো মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও মাদক কারবারির ঠাঁই হবে না। বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় মাদকের কোনো গডফাদারকেও ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার তেতাভূমি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও মাদকবিরোধী সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জসিম উদ্দিন জসিম বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দিতে পারে। তাই মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধও গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে কোনো ধরনের তদবির বা সুপারিশ গ্রহণ করা হবে না। কোনো মাদক ব্যবসায়ী বা মাদকসেবীর পক্ষে কেউ সুপারিশ করলে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। মাদক নির্মূলে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে সূচনা বক্তব্য দেন তেতাভূমি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও অনুষ্ঠানের সভাপতি মো. আবদুস সালাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম।
সভায় প্রধান আলোচক ছিলেন কুমিল্লা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. বজলুর রহমান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. আব্দুল আজিজ, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এস এম শাহীনূর ইসলাম, ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন, উপজেলা বিএনপির সহসভাপতি মহসিন কবির সরকার, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান সাজু, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মেদ লাভলু এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া অপু।
এ ছাড়া অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • ব্রাহ্মণপাড়া