ব্রাহ্মণপাড়ায় স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী মোঃ সুমন (৪৫) কে গ্রেফতার করা হয়েছে । এ বিষয়ে নিহতের মা ঝরনা বেগম ২১ এপ্রিল ব্রাহ্মণপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৮ বছর পূর্বে শিদলাই ইউনিয়নের লাড়ুচৌ গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে মোঃ সুমন (৪৫) এর সাথে কসবা থানার সৈয়দাবাদ গ্রামের শিউলি আক্তার (৩৫) এর সাথে পারিবারিকভাবে বিবাহ হয়। বিয়ের পর থেকে স্ত্রী শিউলি আক্তারের সাথে স্বামী সুমন এর যৌতকসহ নানা বিষয় নিয়ে পারিবারিকভাবে কলহ লেগে থাকতো। এছাড়া স্বামী সুমন বিয়ের পর থেকে যৌতুকের জন্য শিউলি আক্তারের কাছে নানাভাবে চাপ সৃষ্টি করতো। গত ২ মাস পূর্বে শিউলি আক্তার তার বাবার বাড়ি থেকে ৮০ হাজার টাকা এনে স্বামী সুমনের জন্য একটি ষাড় গরু কিনে দেয়। এতেও সুমন ক্ষান্ত হয়নি। এরই ধারাবাহিকতায় গত ১৯ এপ্রিল শুক্রবার রাতে স্বামী সুমন তার স্ত্রীর উপর টাকার জন্য অনেক অত্যাচার করে। পরেরদিন সুমন তার স্ত্রীর বাড়িতে জানায় শিউলি আক্তারের জ্বর হয়েছে। শিউলি আক্তারের মা তাদের বাড়িতে গিয়ে মেয়েকে না দেখে খুঁজাখুজির এক পর্যায়ে সুমনের বাড়ির পশ্চিম পাশে মাজু মিয়ার ডোবার মধ্যে শিউলি আক্তারকে ওড়না দিয়ে দুই পা বাধা অবস্থায় দেখতে পায়। পরে ব্রাহ্মণপাড়া থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে কুমেক হাসপাতালে প্রেরণ করেছি এবং অভিযান চালিয়ে ঘাতক স্বামীকে গ্রেফতার করি।

  • ব্রাহ্মণপাড়া