ব্রাহ্মণপাড়াসহ সীমান্তে বিজিবির অভিযানে ২৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ৩

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ minute ago

Spread the love

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ২৬ লাখ ৮১ হাজার ৭০০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। এ সময় তিনজনকে আটক করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোরে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়। সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলামের দিকনির্দেশনায় ব্যাটালিয়নের বিভিন্ন সীমান্ত ফাঁড়ির (বিওপি) টহল দল এ অভিযান পরিচালনা করে।

 

বিজিবি জানায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া ও কসবা উপজেলার চন্ডিদার, কর্নেলবাজার, মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার সালদানদী, শংকুচাইল, খারেরা ও বড়জ্বালা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালানো হয়।

 

অভিযানে ভারতীয় অবৈধ বাসমতি চাল, গরু, শ্যাম্পু, রেডবুল এনার্জি ড্রিংকস, রসুন, চকলেট, ক্লোপজি ক্রিম, অলিভ অয়েল, ইস্কাপ সিরাপ, গাঁজা, একটি ইজিবাইক ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ২৬ লাখ ৮১ হাজার ৭০০ টাকা।

 

এ ঘটনায় আটক তিনজনকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লার বুড়িচং থানায় হস্তান্তর করা হয়েছে।

 

সুলতানপুর ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ (পুশ-ইন), নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় এসব অভিযান পরিচালনা করে চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।

  • ব্রাহ্মণপাড়া