ব্রাহ্মণপাড়ায় ৬০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

লেখক: গাজী রুবেল
প্রকাশ: ১৪ ঘন্টা আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সোনা মিয়া ওরফে ইসমাইল (৩৯) নামে এক বিএনপি নেতা গ্রেফতার করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তার বসতঘর থেকে ৬০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, সোনা মিয়া ওরফে ইসমাইল ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক। তিনি সদর ইউনিয়নের ধান্যদৌল গ্রামের মজিদ মেম্বারের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেনের নেতৃত্বে এসআই সৈকত মজুমদার, এএসআই সাইফুল আলম সিদ্দিকীসহ পুলিশের একটি চৌকস দল ধান্যদৌল গ্রামের মজিদ মেম্বারের বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে সোনা মিয়া ওরফে ইসমাইলের বসতঘর তল্লাশি করে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়। এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক হোসেন জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিস্তার রোধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট কামাল হোসেন বলেন, এমপি মহোদয়ের নির্দেশনায় থানা ও ইউনিয়ন বিএনপি মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল রয়েছে। কোনো নেতাকর্মীর বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ প্রমাণিত হলে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • ব্রাহ্মণপাড়া