ব্রাহ্মণপাড়ায় ৪ মাদকসেবীকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড

লেখক: আতাউর রহমান
প্রকাশ: ১৮ minutes ago

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক সেবন করে পারিবারিক ও সামাজিক শান্তি বিনষ্টের অভিযোগে চার মাদকসেবীকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার ( ২০ এপ্রিল ) সকালে দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার ( ১৯ এপ্রিল ) দিবাগত রাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান।
দণ্ডপ্রাপ্তরা হলেন, মো. ওমর ফারুক ( ৩২ ), রাহিম ইসলাম ( ২০ ), রফিকুল ইসলাম ( ৪৮ ) ও হৃদয় (২০)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে মাদক সেবন করে এলাকায় পারিবারিক ও সামাজিক অস্থিরতা সৃষ্টি করছিলেন। একই সঙ্গে তাদের বিরুদ্ধে চুরির অভিযোগও রয়েছে। তাদের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে স্থানীয় লোকজন চারজনকে আটক করে উপজেলা প্রশাসনের কাছে সোপর্দ করেন। পরে জিজ্ঞাসাবাদে তারা নিজেদের অপরাধ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মো. ফারুক হোসেন বলেন, মাদক সেবনের দায়ে আটক চারজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তদের নিয়ম অনুযায়ী কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান বলেন, মাদক সেবন ও চুরির অভিযোগে অভিযুক্তরা অপরাধ স্বীকার করায় আইন অনুযায়ী তাদের প্রত্যেককে ছয় মাস করে দণ্ড দেওয়া হয়েছে। ভবিষ্যতেও উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • ব্রাহ্মণপাড়া