ব্রাহ্মণপাড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের দাফন সম্পন্ন

লেখক: গাজী রুবেল
প্রকাশ: ৬ ঘন্টা আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম(৮৫) এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার(৩০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গত শুক্রবার (১ মে) জুমার নামাজের পর নাগাইশ কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে জানাজা নামাজ শেষে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। মৃত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নাগাইশ গ্রামের বাসিন্দা এবং ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সোহেল রানার পিতা।

গার্ড অব অনার প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান। এ সময় পুলিশের একটি দল উপস্থিত ছিল। জানাজা ও দাফনকালে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান সুলতান আহমেদ, সাবেক ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন মাস্টারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুতে নাগাইশসহ আশপাশের এলাকায় গভীর শোক ও শূন্যতার সৃষ্টি হয়েছে।

  • ব্রাহ্মণপাড়া