কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হাজী মো. শফিকুল ইসলাম সরকার ওরফে জজু মেম্বার (৭৫) এর দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলার শিদলাই ইউনিয়নের পোমকাড়া সরকার বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে জানাজার পূর্বে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান।
পরে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল গার্ড অব অনার দেন। এসময় বিউগলে করুন সুর বাজানো হয়। পরে একমিনিট নিরবতা পালন শেষে একই স্থানে জানাজা সম্পন্ন করে মরহুমের লাশ তার পারিবারিক কবরস্থানে দাফন করেন স্বজনরা।
পারিবারিক সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা মো. শফিকুল ইসলাম সরকার ওরফে জজু মেম্বার বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটের সময় তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার ছেলে সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
মহুমের জানাজায় উপজেলা ও ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার এবং স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও এলাকার মুসল্লীগণ উপস্থিত ছিলেন।