ব্রাহ্মণপাড়ায় মসজিদে গ্রিল কেটে চুরি, ইমামের কক্ষ থেকে কাপড়-ট্রলি ব্যাগ উধাও

লেখক: আতাউর রহমান
প্রকাশ: ৩ ঘন্টা আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মসজিদের জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে আলমারি ভাঙচুরের পর ইমামের কক্ষ থেকে কাপড়চোপড় ও একটি ট্রলি ব্যাগ চুরির অভিযোগ উঠেছে।
বুধবার ( ৭ অক্টোবর ) দিবাগত রাত থেকে বৃহস্পতিবার ( ৮ অক্টোবর ) ভোরের কোনো এক সময় উপজেলার সদর ইউনিয়নের কল্পবাস দক্ষিণপাড়া ঈদগাহ জামে মসজিদে এ চুরির ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই মসজিদের ইমাম মো. ওবায়দুল্লাহ ব্রাহ্মণপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মসজিদের ইমাম মো. ওবায়দুল্লাহর অভিযোগ, এশার নামাজ শেষে তিনি ও মুয়াজ্জিন মসজিদ বন্ধ করে বাড়িতে চলে যান। ভোরে মুয়াজ্জিন মসজিদে গিয়ে তাকে এ চুরির খবর দেন। পড়ে গিয়ে তারা মসজিদের উত্তর পাশের জানালার গ্রিল কাটা ও মসজিদের ভেতরে ইমামের কক্ষে থাকা আলমারির তালা ভাঙা দেখতে পান।
পরে তারা ইমামের কক্ষে খোঁজ করে দেখেন, ইমামের ব্যবহৃত কাপড়চোপড় ও একটি ট্রলি ব্যাগ নেই। ইমামের কক্ষে থাকা একটি আলমারি ভেঙে এসব জিনিস নেওয়া হয়েছে। চুরি যাওয়া এসব জিনিসের আনুমানিক মূল্য ৬ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক ডি. এম. এ. মজিদ বলেন, অভিযোগ পাওয়ার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলমান রয়েছে।

  • ব্রাহ্মণপাড়া