ব্রাহ্মণপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ ঘন্টা আগে

Spread the love

‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে।

পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং মা ও শিশুর সুষম খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে দিবসটি পালিত হয়।

বৃহস্পতিবার ( ২৩ এপ্রিল ) দুপুরে বর্ণাঢ্য র‍্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষণ ভবনে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শেখ হাসিবুর রেজা। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মাহমুদা জাহান।

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, অপুষ্টি একটি জাতীয় সমস্যা। শিশু ও গর্ভবতী মায়েদের সঠিক পুষ্টি নিশ্চিত করা গেলে একটি সুস্থ ও মেধাবী জাতি গড়ে তোলা সম্ভব। এজন্য পরিবার পর্যায় থেকেই সুষম খাদ্য গ্রহণ এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপনের অভ্যাস গড়ে তুলতে হবে।

সভায় বক্তারা আরও বলেন, বর্তমানে অনেক শিশু ও মা অপুষ্টির ঝুঁকিতে রয়েছে। নিয়মিত সুষম খাদ্য গ্রহণ, শিশুকে বুকের দুধ খাওয়ানো এবং পুষ্টিকর খাবারের প্রতি গুরুত্ব দিলে অপুষ্টি প্রতিরোধ করা সম্ভব। জাতীয় পুষ্টি সপ্তাহ আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ, যার মাধ্যমে আমরা সাধারণ মানুষকে পুষ্টি বিষয়ে সচেতন করতে পারি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাঁর বক্তব্যে বলেন, জাতীয় পুষ্টি সপ্তাহের মূল উদ্দেশ্য হলো জনগণের মধ্যে পুষ্টি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করা। বিশেষ করে গর্ভবতী মা, নবজাতক ও শিশুদের জন্য সুষম খাদ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, নিরাপদ খাদ্য গ্রহণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখলে অপুষ্টিজনিত অনেক রোগ প্রতিরোধ করা সম্ভব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মাহমুদা জাহান তাঁর বক্তব্যে বলেন, একটি সুস্থ জাতি গঠনের জন্য পুষ্টির কোন বিকল্প নেই। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সঠিক পুষ্টি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সরকার জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে কাজ করছে। জাতীয় পুষ্টি সপ্তাহের কার্যক্রমের মাধ্যমে আমরা সবাই যদি পুষ্টি বিষয়ে সচেতন হই, তাহলে অপুষ্টিমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

  • ব্রাহ্মণপাড়া