কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্যসহ ৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২ মে) উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত পৃথক পাঁচটি অভিযানে ২০০ পিস ইয়াবা, একটি গাঁজার গাছ উদ্ধারসহ সাজা ও জিআর ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল ৭:১৫ মিনিটে শশীদল দক্ষিণ পাড়া বাতান বাড়ি এলাকায় অভিযান চালিয়ে মোঃ শাহিন আলম (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া ষাইটশালা এলাকা থেকে এসআই ফারুকুল ইসলামের নেতৃত্বে একটি গাঁজার গাছসহ আবুল কাসেম (২৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
মাধবপুর ইউনিয়নে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ইসমাইলকে গ্রেপ্তারের পর ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। ইসমাইলের বিরুদ্ধে একটি জিআর ওয়ারেন্টও ছিল।
অন্য এক অভিযানে এএসআই সাইফুল ইসলাম ও এএসআই ইমরান জিরুইন এলাকা থেকে মোঃ আলাউদ্দিন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন। তার বিরুদ্ধে দুইটি ওয়ারেন্ট রয়েছে। এছাড়া এসআই আল-আমিন মানরা এলাকা থেকে জিআর সাজাপ্রাপ্ত আসামি মিশুক (৩২) কে গ্রেপ্তার করতে সক্ষম হন।
ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক হোসেন জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নির্মূলে পুলিশের এই বিশেষ অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। গ্রেপ্তারকৃতদের যথাযথ প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে এবং পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।