কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামের মানসিক প্রতিবন্ধী নারী তাসলিমা আক্তার (৩২) ট্রেনে কাটা পড়ে নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (৯ মে) সকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাসলিমা আক্তার উপজেলার নাগাইশ মধ্যপাড়া মেজর গনির সাহেবের বাড়ির মো. শানু মিয়ার মেয়ে। পরিবার সূত্রে জানা যায়, তিনি দীর্ঘ প্রায় ১৮ বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। শুক্রবার বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার সন্ধান পাননি। শনিবার (৯ মে) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তিনি মারা যান। পরে স্থানীয়রা ঘটনাটি জানতে পেরে পরিবারের সদস্যদের খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ। পরে পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তিনি মানসিক প্রতিবন্ধী হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।