বুড়িচংয়ে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ ৯ লাখ টাকাসহ ১৪ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ ঘন্টা আগে

Spread the love

কুমিল্লার বুড়িচংয়ে এক প্রবাসীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নগদ ৯ লাখ টাকা, স্বর্ণালংকার, রুপার গহনা ও জরুরি কাগজপত্রসহ প্রায় ১৪ লাখ ২০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে বলে বুড়িচং থানায় অভিযোগ করেছেন প্রবাসীর স্ত্রী শিরিনা আক্তার (২৬)।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের কণ্ঠনগর গ্রামের দক্ষিণপাড়ায় এ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে বুড়িচং থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী গৃহবধূ।
অভিযোগ সূত্রে জানা যায়, শিরিনা আক্তারের স্বামী প্রবাসে থাকেন। তিনি সন্তানদের নিয়ে নিজ বাড়িতে বসবাস করেন। গত ১৯ অক্টোবর দুপুরে তিনি বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে যান। এ সুযোগে ১৯ অক্টোবর বিকেল থেকে ২৩ অক্টোবর সকাল ৯টার মধ্যে কোনো একসময় অজ্ঞাতনামা চোরেরা বাড়ির পেছনের একটি জানালা খুলে ঘরে প্রবেশ করে। পরে ঘরের আলমারিতে থাকা নগদ ৯ লাখ টাকা, এক ভরি ওজনের দুই জোড়া স্বর্ণের কানের দুল, একটি রুপার ব্রেসলেট, এক জোড়া নুপুরসহ বিভিন্ন মূল্যবান মালামাল ও জরুরি দলিলপত্র নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, শুক্রবার সকালে তাঁর জা জেসমিন আক্তার ঘরের পেছনের একটি জানালা খোলা দেখতে পেয়ে ফোনে তাঁকে বিষয়টি জানান। পরে শিরিনা বাড়িতে এসে ঘরের ভেতরে বিভিন্ন মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান। এরপর ঘরে খোঁজাখুঁজি করে মালামাল চুরির বিষয়টি বুঝতে পারেন।
শিরিনা আক্তারের দাবি, এর আগেও এলাকায় মাদকসেবী ও উচ্ছৃঙ্খল প্রকৃতির কিছু লোক রাতের বেলায় তাঁদের বাড়ির আশপাশে এসে বিরক্ত করত। এমনকি রান্নাঘরে জ্বলন্ত সিগারেট ছুড়ে ফেলা এবং তাঁর সন্তানের নাম ধরে ডাকাডাকি করার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তিনি। এসব ঘটনায় সন্তানদের নিয়ে তিনি আতঙ্কে থাকতেন।
বুড়িচং থানার সেকেন্ড অফিসার মোঃ রাকিবুল হাসান বলেন, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

  • বুড়িচং