কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন বলেছেন, আগামী এক বছরের মধ্যে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার সব অসম্পন্ন উন্নয়নকাজ শেষ করা হবে। ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ সড়ক সংস্কার, কাঁচা সড়ক পাকা করা, সেতু ও কালভার্ট নির্মাণসহ জনউন্নয়নমূলক বিভিন্ন কাজ ইতিমধ্যে শুরু হয়েছে।
গত শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের বাড়ানি থেকে মাধবপুর পর্যন্ত সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এছাড়া, মিরপুর–কান্দুঘর–শিদলাই সড়কের সংস্কার ও উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ১৫ কোটি টাকা বরাদ্দে এ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
অনুষ্ঠানে এমপি জসিম উদ্দিন জসিম বলেন, দীর্ঘদিন ধরে এলাকার যেসব সড়ক, সেতু, কালভার্ট ও অন্যান্য অবকাঠামো সংস্কার ও উন্নয়নের অপেক্ষায় রয়েছে, সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। জনগণের দুর্ভোগ কমাতে যোগাযোগব্যবস্থার উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, বুড়িচং-ব্রাহ্মণপাড়ার মানুষের দীর্ঘদিনের বিভিন্ন দাবি ও সমস্যার সমাধানে পরিকল্পিতভাবে কাজ করা হচ্ছে। উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়ম ও গাফিলতি বরদাশত করা হবে না। নির্ধারিত সময়ের মধ্যে কাজের মান নিশ্চিত করে প্রকল্প বাস্তবায়ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী মো. গোলাপ হোসেন ভূইয়া, উপজেলা বিএনপির সহসভাপতি মহসিন কবির সরকার, সাধারণ সম্পাদক মো. আমীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, বিএনপি নেতা শেখ জাবের, উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তফা জামান, চান্দলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সাত্তার লিটন, সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন ভূইয়া বাদল, মাধবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দীন, উপজেলা ছাত্রদলের আহবায়ক দিদারুল আলম ভূইয়া, সদস্য সচিব ফায়সাল কবির আখন্দসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।