কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। একই অভিযানে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত একজন, জিআর ওয়ারেন্টভুক্ত তিনজন এবং মাদক সেবনের অপরাধে সামারি ট্রায়ালের জন্য ১০ জনসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টা ৫ মিনিটে ব্রাহ্মণপাড়া থানার এসআই রূপম কুমার সরকার ও এএসআই মোঃ নুর-আল-আহসান সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলার ৪নং শশীদল ইউনিয়নের শশীদল বাজারের পশ্চিম পাশে পাঁচ পীরের দরগাহ সংলগ্ন হরিমঙ্গল-বাগড়া বাজার সড়কের পূর্ব পাশে পলাশের মুদি দোকানের সামনে পাকা রাস্তা থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মোঃ জনি (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর (বাল্লাক) এলাকার মোঃ আব্দুর রশিদের ছেলে।
এদিকে, পুলিশের পৃথক অভিযানে দুটি সাজাপ্রাপ্ত ওয়ারেন্টে আহাম্মেদ হৃদয় হাসান (২০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দক্ষিণ শশীদল এলাকার আলাল মিয়ার ছেলে।
এছাড়া জিআর ওয়ারেন্টভুক্ত তিন আসামি—টাটেরা গ্রামের মোঃ মনির হোসেন (২৬), দুলালপুর গ্রামের মোঃ মনির এবং বড়ধুশিয়া গ্রামের মোঃ আব্দুল হাকিম (২২)কে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, মাদক সেবনের অপরাধে এসআই আল আমিন, এসআই মোঃ রফিকুল ইসলাম, এসআই মোঃ মাহতাব হোসাইন, এসআই মোঃ শামীম হোসেন, এএসআই মোঃ নুর-আল-আহসান, এএসআই লিংকন কুমার নাথ ও এএসআই মোঃ সাইফুল আলম সিদ্দিকী সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ১০ জনকে গ্রেপ্তার করে সামারি ট্রায়ালের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার ১০ জন হলেন—বুড়িচংয়ের বারেশ্বর গ্রামের মোঃ ফরহাদ (১৯) ও মোঃ হোসাইন (২০); ব্রাহ্মণপাড়ার বাটেরা এলাকার মোঃ মামুন (৪৫), পূর্বপাড়ার মোঃ হেলাল (৩৫), ধানদৌল গ্রামের মোঃ সিরাজুল ইসলাম ওরফে সিরাজ (৪৫), দুলালপুর পশ্চিমপাড়ার জোবায়ের সরকার (২২) এবং সিদলাই এলাকার জনি (২২)। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাঙ্গুরা গ্রামের মোঃ রাসেল মিয়া (২৭), মোঃ সজিব (২৩) ও মোঃ শাহীন (২৪) রয়েছেন।
পুলিশ জানায়, পৃথক অভিযানে গ্রেপ্তার ১৫ জনকে সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।