কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ মো. মফিজুল ইসলাম ওরফে মফিজ (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত মধ্যরাতে উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী নারায়ণপুর গ্রামের উত্তরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে নারায়ণপুর গ্রামের উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন থানার উপপরিদর্শক (এসআই) মাহতাব হোসাইন। তাঁর সঙ্গে সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নুর আল আহসানসহ পুলিশের একটি দল ছিল।
অভিযানকালে মফিজুল ইসলামের বসতবাড়ির পশ্চিম-উত্তর কোণে থাকা রান্নাঘর থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে মফিজুল ইসলাম মফিজকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার মফিজুল ইসলাম মফিজ ওই এলাকার মৃত দুলা মিয়ার ছেলে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, গ্রেপ্তার মফিজুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।